ক্যাম্পাসে ছাত্রশিবিরের কোনো কর্মসূচি থাকলেই উপাচার্য ও উপউপাচার্যদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ক্যাম্পাসে শাখা ছাত্রশিবিরের কোনো কর্মসূচি থাকলেই উপাচার্য ও উপউপাচার্যদের ঢাকায় কাজ থাকে। আমরা পূর্বেও দেখেছি, ছাত্রশিবিরের শিক্ষার্থীবান্ধব অনুষ্ঠানে তারা অনুপস্থিত থাকেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, অতীতে নবীন বরণ করার জন্য আমাদের ভাইদের শহীদ হওয়ারও ইতিহাস রয়েছে। আর বর্তমানে আমরা দেখতেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের কার্যক্রমগুলোকে ভালোভাবে নিচ্ছে না। আমরা পূর্বেই আমাদের সময়সূচি জানিয়ে দিই। তারপরও যেদিন অনুষ্ঠান, ঠিক সেদিনই তাদের ঢাকাতে কাজ থাকে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, অতীতে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় আমাদের কয়েকজন ভাই শহীদ হয়েছেন। যারা আদর্শিকভাবে ছাত্রশিবিরকে মোকাবিলা করতে না পেরে ষড়যন্ত্রের পথ বেছে নেয়, তাদের বলতে চাই ছাত্রশিবিরকে মোকাবিলা করতে হলে আদর্শ দিয়েই করতে হবে। ষড়যন্ত্র করে কখনো ছাত্রশিবিরকে মোকাবিলা করা যাবে না।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইমাজ উদ্দীন মন্ডল, আজিজুর রহমান আজাদ, মাহমুদুল হাসান, ইমরান নাজির, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং রাবি শাখা ইসলামি ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল।



