রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুই আধুনিক অ্যাম্বুলেন্স
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের জরুরি রোগী পরিবহন ও চিকিৎসাসেবা আরও গতিশীল করতে দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।
তিনি বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। আমাদের মেডিকেল সেন্টারে আধুনিক অ্যাম্বুলেন্সের সংকট ছিল। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত করতে ইউজিসির সহযোগিতায় আমরা দুটি আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন অ্যাম্বুলেন্স দুটিতে অক্সিজেন সরবরাহসহ জরুরি চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। ফলে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বা অন্য কারও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেওয়া ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, আমাদের মেডিকেল সেন্টারে নানা ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে অ্যাম্বুলেন্সের সংকট অন্যতম ছিল। এখন নতুন করে দুটি অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় আমাদের চিকিৎসাসেবা পরিচালনায় অনেকটাই সুবিধা হবে।



