Logo
Logo
×

শিক্ষা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৮৮ দশমিক ২০ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. হোসাইন আহমাদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা নুরুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক জনাব মো. আবুবকর সিদ্দিক, উপ-রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা কালে ভাইস চ্যান্সেলর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। মাদ্রাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ে ফলাফল প্রকাশ করায় পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এ বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও সরকারি মাদ্রাসা ই-আলীয়া, ঢাকা এবং তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রামের নেছারিয়া কামিল মাদ্রাসা।

উল্লেখ্য, এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৬৩ টি কেন্দ্রে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এক বছর মেয়াদী (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) পাওয়া যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন