Logo
Logo
×

শিক্ষা

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে হামলার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি, ছাত্রদলের সংহতি

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে হামলার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি, ছাত্রদলের সংহতি

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরীতে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এই কর্মসূচি শুরু হয়।

‎আগামী সোমবার পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

‎কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন।

‎গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্রদলকর্মী মেহেদী হাসান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হলো, সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে ব্যবস্থা নেয়।

‎তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা সবাই দেখেছে। এ ঘটনায় নতুন করে তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। তাই শিক্ষার্থীদের মতামত জানাতে এবং চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করছি।’

‎রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি। গত ২৭ জুলাই কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও নিরাপদ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্যাম্পাস, বিশেষ করে কেন্দ্রীয় লাইব্রেরির মতো একটি নিরাপদ স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

‎তিনি বলেন, “রাকসু সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের প্রতীক হওয়ার কথা। কিন্তু যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, তাদের কর্মকাণ্ড সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন রাকসু চায় না।”

‎তিনি আরও বলেন, “ভিডিও ফুটেজে যাদের হামলায় জড়িত থাকতে দেখা গেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শাস্তি নিশ্চিত করার দাবিতে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই দাবিতে প্রতিবাদ জানাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ছাত্রদলের নেতাকর্মীরাও, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এতে অংশগ্রহণ করেছেন।”

‎রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা বলেন, "এই গণস্বাক্ষর কর্মসূচি কোনো একক রাজনৈতিক সংগঠনের নয়; এটি সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতেই এই কর্মসূচি। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা ঘটনার বিচার চায়। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করে। 

‎আয়োজকদের দাবি, কর্মসূচির প্রথম দিনেই প্রায় ১০০ শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন