রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে "আসুন এই বর্ষায় একটি হলেও বৃক্ষ রোপণ করি" স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হল সমূহে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও ক্যাম্পাসকে গ্রীন রাখতে বট, জারুল, ঝাউগাছ, জয়তুন, বকুল, পেয়ারা, পলাশ, হিজল, হরিতকি, বয়রা ও ছাতিমসহ প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব বলেন, বৃক্ষ রোপণ করলে কেবল প্রকৃতির সৌন্দর্যই বাড়ে না, এটি আমাদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমায়। বর্তমান বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হাত থেকে বাঁচতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই।
গ্রীন ভয়েস, রাবি শাখার সভাপতি আরিফ ইসলাম বলেন আমাদের প্রত্যেকের উচিত এই বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা।
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
তথ্য ও যোগাযোগ সম্পাদক সাকিব এবং বর্তমান কার্যকরী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফুল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।



