রাবিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিতে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রী পরিবার
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর পরিবার। সোমবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ভূমিমন্ত্রীর সহধর্মিণী ও মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় তিনি এই অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের অনুরোধ জানান। চেক গ্রহণ শেষে উপাচার্য এ মহৎ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। পরে তিনি অধ্যক্ষ সালমা শাহাদতের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেন।
উল্লেখ্য, গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি বৃত্তি চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক অধ্যাপক মোহাম্মদ নির্ঝর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক ও বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর মরহুম বাবা ফজলার রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



