Logo
Logo
×

শিক্ষা

অবশেষে স্বপদে ফিরলেন কুবির রেজিস্ট্রার মুজিবুর রহমান

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম

অবশেষে স্বপদে ফিরলেন কুবির রেজিস্ট্রার মুজিবুর রহমান

দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাময়িক বরখাস্তপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার স্বপদে ফিরেছেন। হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে রেজিস্ট্রার পদে পুনরায় যোগদানের অনুমতি দেয় এবং মঙ্গলবার (৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তবে তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ২০২৫ সালের ৩ মার্চ মিথ্যা আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে একই বছরের ৩১ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-৬৭৭৮/২০২৫ দায়ের করেন। রিটের শুনানি শেষে গত ২৩ জুন ২০২৬ মহামান্য হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক জারিকৃত সংশ্লিষ্ট অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

এরপর ২৮ জুন তিনি উপাচার্য বরাবর পুনঃযোগদানের আবেদন দাখিল করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আদালতের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের ফলে তার সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক ছুটির আদেশ কার্যকারিতা হারিয়েছে। ফলে আইনগতভাবে তিনি রেজিস্ট্রার পদে দায়িত্ব পালনের অধিকার ফিরে পেয়েছেন। আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তার পুনঃযোগদানপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

পরবর্তীতে সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশের আলোকে মো. মুজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রার পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতির ভিত্তিতে আগামীকাল ৭ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে স্বপদে যোগদান করবেন।

ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, মুজিবুর রহমান হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে যোগদানের আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে স্বপদে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে।

রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, পূর্বের প্রশাসন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে সাময়িক বরখাস্ত করেছিল। সুবিচারের আশায় আমি আদালতের শরণাপন্ন হই। আদালতের নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিবেচনা করে আমাকে যোগদানের অনুমতি দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, মুজিবুর রহমান হাইকোর্টের নির্দেশনা নিয়ে এসেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে রেজিস্ট্রার পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রেজিস্ট্রারকে দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন