ছবি : সংগৃহীত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার (৫ এপ্রিল) বন্ধ থাকবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগে থেকেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে। শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রয়েছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু হতে পারে।
খ্রিস্টান ধর্ম মতে, ইস্টার সানডে দিনটি যিশু খ্রিস্টের মৃত্যু থেকে পুনরুত্থানের স্মরণে পালিত হয়। গুড ফ্রাইডেতে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং মৃত্যুর তৃতীয় দিনে রোববার তিনি জীবিত হয়ে ওঠেন। তাই এই দিনকে ইস্টার সানডে বলা হয়।



