এসএসসি পরীক্ষায় নকল রোধে সিসিটিভি ক্যামেরাসহ ১১ দফা নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:০৭ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার বিশেষ নির্দেশনা জারি করেছে। শনিবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে।
১১ দফা নির্দেশনার মধ্যে রয়েছে—প্রতিটি কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, ভিডিও সংরক্ষণ, প্রতিটি কক্ষে ঘড়ি টাঙানো, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা, পরীক্ষার্থীদের দেহ তল্লাশি, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য নির্দেশনা টাঙানো, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব নির্দেশনা প্রতিপালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।



