পাঠ্যক্রমে সাতটি খেলাধুলা অন্তর্ভুক্ত করছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠ্যক্রমে সাতটি খেলাধুলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতার।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উল্লিখিত সাতটি খেলাধুলা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী, পাঠ্যক্রমে খেলাধুলাগুলো অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।



