সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি, তালিকা দিল অধিদপ্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রোববার (১ মার্চ) ডিআইএ পরিচালক প্রফেসর এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পরিদর্শনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট-আইটিসহ নানা আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে।
এসব অনিয়মের কারণে প্রায় ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিআইএ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা তাদের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।



