Logo
Logo
×

শিক্ষা

এমপিওভুক্তির জন্য আবেদন করেছে ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম

এমপিওভুক্তির জন্য আবেদন করেছে ৩ হাজারের বেশি প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্তির জন্য সারা দেশ থেকে ৩ হাজার ৬১৫টি স্কুল ও কলেজ আবেদন করেছে। এর মধ্যে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বিবেচনাযোগ্য বলে প্রতীয়মান হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সূত্রে জানা গেছে, প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ে ৮৫৯টি, মাধ্যমিক পর্যায়ে ১ হাজার ১৭০টি, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬৮৭টি, স্নাতক (পাস) পর্যায়ে ৪৪০টি, স্নাতক (সম্মান) পর্যায়ে ৪১৪টি এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪৫টি প্রতিষ্ঠান রয়েছে।

নীতিমালায় নির্ধারিত মাপকাঠি অনুযায়ী আবেদনগুলো মূল্যায়ন চলছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে গ্রেডিংয়ের ভিত্তিতে প্রথম পর্যায়ে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এ বিষয়ে সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে পত্র পাঠানো হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত যাচাই-বাছাই কার্যক্রম চলছে। আবেদনপত্রে দেওয়া তথ্য ভূমি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সরেজমিনেও যাচাই করা হবে।

শিক্ষা বিভাগ জানিয়েছে, এমপিওভুক্তি একটি চলমান ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। যোগ্যতা, অঞ্চলভিত্তিক জনসংখ্যা, শিক্ষাপ্রতিষ্ঠানের ঘনত্ব এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এমপিও অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। অনৈতিক যোগাযোগ বা আর্থিক লেনদেনের চেষ্টা না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে। কেউ এ ধরনের অভিযোগ পেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন