Logo
Logo
×

অর্থনীতি

খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে

দেশের ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি দেশের ১৫টি ব্যাংকের। এসব ব্যাংকের মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। সব মিলিয়ে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের ৬১টি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ আগের প্রান্তিকের ৫ লাখ ৮৮ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এতে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের হার আগের প্রান্তিকের ৩২ দশমিক ২৬ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার কিছুটা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তবে সব ব্যাংকের অবস্থা এক নয়। একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক বাদ দিলে বাকি ১০টি ব্যাংকেই রয়েছে মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এতে স্পষ্ট হয় যে ব্যাংক খাতের সংকট মূলত কয়েকটি প্রতিষ্ঠানে বেশি প্রকট।

বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্পদের মানের অবনতি, মূলধনের ঘাটতি এবং মুনাফা কমে যাওয়ার মতো দীর্ঘদিনের সমস্যায় ব্যাংক খাত এখনো চাপে রয়েছে। অতিরিক্ত তারল্য পরিস্থিতি কিছুটা স্বস্তি দিলেও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থার দুর্বলতা কাটেনি। আমানতকারীদের আস্থায় কিছুটা উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও আরও খারাপ হয়েছে। ব্যাংক তার ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে কতটা মূলধন ধরে রাখতে পারছে, তা পরিমাপ করা হয় ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত (সিআরএআর) দিয়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে ব্যাংক খাতের মূলধন ঘাটতি আগের প্রান্তিকের ৩ দশমিক ১৭ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। ফলে মূলধন পর্যাপ্ততার হার বাসেল-৩ নীতিমালায় নির্ধারিত ন্যূনতম ১০ শতাংশের চেয়ে আরও নিচে নেমে গেছে।

ব্যাংকের ধরন অনুযায়ী পরিস্থিতি আরও উদ্বেগজনক। চতুর্থ প্রান্তিক শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিআরএআর আগের প্রান্তিকের ১ দশমিক ০৮ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর অবস্থাও ভালো নয়। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক বাদ দিলে অন্য শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার আগের প্রান্তিকের ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৩০ শতাংশে নেমেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পুরোপুরি শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংকের সামগ্রিক আর্থিক অবস্থায় মিশ্র চিত্র দেখা গেছে। বিশেষ করে সম্পদের মান ও মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রে এসব ব্যাংকের দুর্বলতা এখনো উদ্বেগের কারণ।

২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল পুরোপুরি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর। এর প্রধান কারণ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ।

খেলাপি ঋণ আদায় ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি উদ্যোগের কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য এক্সিট সুবিধা চালু এবং প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬ ও অর্থঋণ আদালত আইন-২০০৩-এর সংশোধনী। এসব উদ্যোগের পাশাপাশি অন্যান্য সংস্কার কার্যক্রম ব্যাংক খাতের পরিস্থিতি উন্নত করতে সহায়তা করবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতিতে এখনো নানা ঝুঁকি

প্রতিবেদনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, উৎপাদন খাতের ঘুরে দাঁড়ানোর ফলে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ।

তবে এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে উৎপাদন খাতের পুনরুদ্ধার অব্যাহত রাখার পাশাপাশি খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের দুর্বলতা কাটাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহসংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় আগামী প্রান্তিকগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।

এ ছাড়া বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমে গেলে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগও কমতে পারে। এর প্রভাব পড়তে পারে প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে।

বাংলাদেশ ব্যাংক অবশ্য জানিয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাঝারি মাত্রার অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে হচ্ছে।

তবে দীর্ঘমেয়াদে অর্থনীতির ঝুঁকি কমাতে রপ্তানির বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের নতুন গন্তব্য খুঁজে বের করতে হবে। একই সঙ্গে বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন