‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই মডেল তৈরি করতে চায় বাংলাদেশ। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২৫০ মিলিয়ন ডলারের একটি কর্মসূচির অর্থায়ন চাওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়াও এতে অর্থায়ন করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি ভিলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সেখানে দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠকে বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
এ বিষয়ে জানতে চাইলে এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এডিবি ও সরকার ২৫০ মিলিয়ন ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে।’
তিনি বলেন, এ কর্মসূচিতে এআই, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ভিলেজ অন্তর্ভুক্ত রয়েছে। চলমান আলোচনা এবং অর্থমন্ত্রী খসরুর সাম্প্রতিক কোরিয়া সফরের ধারাবাহিকতায় এসব বিষয় নিয়ে কাজ হচ্ছে।
ঝাং বলেন, অর্থায়নের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে। সরকার ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দেবে বলে আশা করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতির কাজ ইতোমধ্যে এগিয়েছে। ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য নির্ধারণ করেছে এডিবি।
অন্যদিকে, এআই ও প্রযুক্তি ভিলেজের জন্য কয়েক ধাপে বিনিয়োগ করা হতে পারে। তবে এর আগে কারিগরি সমীক্ষা ও প্রকল্পের প্রস্তুতি শেষ করতে হবে। সম্ভাব্য কোরীয় অংশীদারদের সঙ্গেও আলোচনা করতে হবে।
পুরো কর্মসূচি কবে অনুমোদন পাবে, তা এখনো ঠিক হয়নি। প্রকল্প কতটা প্রস্তুত, তার ওপর অনুমোদনের সময় নির্ভর করবে। সরকার ও এডিবির অনুমোদন প্রক্রিয়াও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বলে জানান ঝাং।
তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি নিয়ে এডিবির চলমান কারিগরি সহায়তা থেকেই প্রস্তাবিত বিনিয়োগের ভিত্তি তৈরি হয়েছে। এই সহায়তার আওতায় সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রকল্পের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (কেক্সিম) আগ্রহ দেখিয়েছে। ফলে যৌথ অর্থায়নের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে।
এডিবি ও কোরিয়ার মধ্যে বিদ্যমান একটি কাঠামোর আওতায় ২০২৭ সাল পর্যন্ত যৌথ অর্থায়নের কর্মসূচি রয়েছে। এতে সরকারি পর্যায়ের প্রকল্পে অর্থায়নের সুযোগ আছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতও এই কর্মসূচির আওতায় রয়েছে। তবে বাংলাদেশে প্রস্তাবিত এআই-সংশ্লিষ্ট বিনিয়োগে অর্থায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
সিউলের বৈঠকে আরও কয়েকটি সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করেছেন ঝাং। তার মতে, দক্ষিণ কোরিয়ার এলজি এআই রিসার্চ ও ফুরিওসাএআইয়ের সঙ্গে অংশীদারত্বের সুযোগ রয়েছে।
তিনি মনে করেন, এর মাধ্যমে বাংলা ভাষার মডেল তৈরি করা যেতে পারে। এআই পরিচালনার জন্য কম্পিউটিং সক্ষমতাও বাড়ানো সম্ভব। পাশাপাশি দেশের বিদ্যমান তথ্যকেন্দ্রগুলোর উন্নয়ন বা সেগুলোকে নতুন কাজে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষার জন্য একটি স্বতন্ত্র লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার এলজি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এলজি এআই রিসার্চের তৈরি আঞ্চলিক ভাষার মডেল ‘এক্সাওন’-এর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় এসেছে।
এছাড়া এআইয়ের কাজ কম খরচে ও কম বিদ্যুৎ ব্যবহার করে করার বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য ফুরিওসাএআইয়ের তৈরি বিশেষায়িত চিপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখেছে প্রতিনিধি দল।
তথ্যকেন্দ্র ও ক্লাউড অবকাঠামো তৈরি এবং পরিচালনায় নাভারের অভিজ্ঞতাও কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে।
প্রস্তাবিত নিজস্ব এআই মডেলের লক্ষ্য হলো সরকারি ও বেসরকারি, দুই খাতেই তথ্য প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল সেবা দেওয়ার সক্ষমতা বাড়ানো।
ঝাং বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী তৈরি এআই স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও সরকারি সেবার মান বাড়াতে পারে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকেও আরও দক্ষ হতে সহায়তা করতে পারে। উৎপাদন, পণ্য পরিবহন ও বাজারে প্রবেশের ক্ষেত্রেও এআই কাজে লাগানো সম্ভব।
তিনি বলেন, কোরীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি ভিলেজের মধ্যে অংশীদারত্ব গড়ে উঠলে ব্যবহারিক প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ বাড়বে। নতুন ব্যবসা উদ্যোগ গড়ে তুলতেও সহায়তা মিলবে। এর ফলে তৈরি পোশাকের বাইরেও উচ্চমূল্য সংযোজন হয়, এমন খাতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
এ ধরনের সহযোগিতায় সাইবার নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা সম্ভব। দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের সক্ষমতাও বাড়বে।
ঝাং বলেন, কোরিয়ার সহায়তায় এডিবির ‘সেন্টার ফর এআই ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠানটি কারিগরি জ্ঞান ও প্রকল্প পরিকল্পনায় সহায়তা দিতে পারে। দক্ষ জনবল তৈরিতেও অবদান রাখতে পারে।
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশে দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি করা। এ জন্য অবকাঠামো ও প্রযুক্তির সঙ্গে স্থানীয় দক্ষতা, প্রতিষ্ঠান এবং মানুষের ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে লাগে, এমন ব্যবহারিক প্রয়োগের সংযোগ ঘটাতে হবে।’
ঝাংয়ের মতে, কোরিয়ার প্রযুক্তি, শিল্প খাতের অভিজ্ঞতা ও অর্থায়ন বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী এবং ডিজিটাল উন্নয়নের আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে পারে। এতে উৎপাদনশীলতা বাড়বে। দক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অর্থনীতিও আরও বহুমুখী হবে।
আইজিএনডি উদ্যোগে প্রথম আন্তর্জাতিক প্রচার
এডিবির কর্মকর্তারা সিউল সফরকে বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) উদ্যোগে বিনিয়োগ আকর্ষণের প্রথম আন্তর্জাতিক প্রচার কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন।
তাদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে কোরিয়ার অর্থায়ন, প্রযুক্তি ও শিল্প খাতের সক্ষমতার সংযোগ ঘটানোর চেষ্টা করা হয়েছে।
সরকারি মালিকানাধীন এই উদ্যোগে এডিবির সহায়তা রয়েছে। এর লক্ষ্য যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, বিভিন্ন ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ করা।
এই উদ্যোগে ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলারের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। এর মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতে আরও বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে।
এডিবির কর্মকর্তারা বলেন, এই উদ্যোগ সফল করতে দ্বিপক্ষীয় অংশীদার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ কারণে সিউলের বৈঠকগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে এআই নিয়ে আলোচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।



