Logo
Logo
×

অর্থনীতি

বিদেশে চিকিৎসার খরচে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

বিদেশে চিকিৎসার খরচে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাঠাতে পারবেন বাংলাদেশিরা। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। এ ছাড়া বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা আরএফসিডি হিসাবে জমার ক্ষেত্রে নতুন শর্ত দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মে এসব পরিবর্তনের কথা জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।

বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নতুন সুবিধা দেওয়া হয়েছে। আগে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য এডি ব্যাংকগুলো পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, বিদেশ ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনাসহ বিভিন্ন খাতে ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে। এ কারণে বাংলাদেশে বসবাসকারী নাগরিকেরা বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা আনবেন, তা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ফরম এফএমজেতে ঘোষণা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে বিদ্যমান অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন