Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংকিং লেনদেনে ঝুঁকি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম

ব্যাংকিং লেনদেনে ঝুঁকি নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা

দেশে ব্যাংকিং লেনদেনে বর্তমানে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেছেন, দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেনি এবং গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

রোববার (২৫ অক্টোবর) তিনি এ তথ্য জানান।

আরিফ হোসেন খান বলেন, নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে যেসব ব্যাংক সাময়িকভাবে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছিল, সেগুলো প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে ধীরে ধীরে পুনরায় চালু করা হবে।

এর আগে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তিন দিন পর রোববার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার চালু করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ওয়েবসাইটের নিরাপত্তা ও সম্ভাব্য ত্রুটি যাচাইয়ের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে সাইবার হামলার আশঙ্কা তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বর্তমানে ঝুঁকি কমে যাওয়ায় ওয়েবসাইট পুনরায় চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ওয়েবসাইট বন্ধ থাকলেও এ সময় ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের সেবা গ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্প্রতি ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন