Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগতে পারে: গভর্নর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগতে পারে: গভর্নর

ব্যাপক আর্থিক অনিয়ম, অর্থপাচার ও কাঠামোগত ক্ষতির কারণে দেশের ব্যাংক খাতকে পুরোপুরি পুনরুদ্ধার করতে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর প্রায় ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, দায়িত্ব গ্রহণের সময় তিনি দেখতে পান, ব্যাংকিং খাতের মোট সম্পদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন অনিয়ম ও লুটপাটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এ পরিমাণ অর্থ দিয়ে দেশের কোটি কোটি পরিবারকে সহায়তা দেওয়া কিংবা একাধিক বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন সম্ভব ছিল।

তিনি বলেন, জনগণের আমানতের অর্থ আত্মসাৎ কোনো সাধারণ অপরাধ নয়, বরং এটি দেশের অর্থনীতির ওপর বড় আঘাত। এ ধরনের আর্থিক অপরাধে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে এবং পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

মোস্তাকুর রহমান আরও বলেন, ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে শুধু আর্থিক সহায়তা নয়, সুশাসন, জবাবদিহি ও কাঠামোগত সংস্কারও প্রয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণ এবং ক্যাম্পাসভিত্তিক ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ইউআইইউতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এর ফলে শিক্ষার্থীরা নগদ অর্থ ছাড়াই বিভিন্ন সেবা ও পণ্য কিনতে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, তরুণদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ানো এবং সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিঞা, ওয়ান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, আর্থিক উদ্ভাবন এবং ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়েও মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন