তেলের দাম ছাড়াল ১০০ ডলার, সরবরাহে বড় ধরনের বাধার শঙ্কা
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
চলতি সপ্তাহে সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় ছয় সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে জ্বালানি তেলের দাম। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারের ব্রেন্ট ক্রুড বেঞ্চমার্কের দাম বেড়ে ১০০ ডলারের ওপরে ওঠে। এতে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে আরও বড় ধরনের বাধার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শুরুর তুলনায় ব্রেন্টের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। তবে চলতি বছরের এপ্রিলের সর্বোচ্চ ১২৬ ডলারের তুলনায় এখনও দাম কম। ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি কমে যাওয়া এবং বিভিন্ন দেশে মজুত কমে আসায় সাম্প্রতিক সময়ে বাজারে চাপ বাড়ছে।
এ সপ্তাহে ইরান-সমর্থিত হুতিদের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এতে উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহে নতুনভাবে বাধা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেষক তামাস ভার্গা বলেন, হরমুজ প্রণালি আবারও খুলে দেয়ার মাধ্যমে নির্বিঘ্নে তেল সরবরাহ শুরু না হলে অদূর ভবিষ্যতে সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য ফেরার সম্ভাবনা কম।
ভর্টেক্সার হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধের কারণে এখনও প্রতিদিন প্রায় ১০০ লাখ ব্যারেল তেল রপ্তানি বাজারে নেই, যা বিশ্বব্যাপী দৈনিক তেলের চাহিদার প্রায় ১০ শতাংশ। অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত মাসে চলতি বছর বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক ৪৩ লাখ ব্যারেল বা প্রায় ৪ শতাংশ কমার পূর্বাভাস দিয়েছে।
১৯৮২ সালের পর যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুতও কমে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে নতুন করে সরবরাহে বড় ধরনের বিঘ্ন হলে তা সামাল দেয়ার সক্ষমতা আগের তুলনায় কমেছে।
বিশ্লেষক জেফরি কারি বলেন, তেলের দাম বাড়ার বিষয়টিকে সাময়িক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, এটি একটি কাঠামোগত পরিবর্তনের অংশ এবং জ্বালানি নিরাপত্তাজনিত বাড়তি ঝুঁকি হিসেবে এ প্রভাব আরও বাড়তে পারে।
ব্রেন্টের দাম দীর্ঘ সময় ১০০ ডলারের ওপরে থাকলে জ্বালানি ব্যয়ের পাশাপাশি পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার এবং সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কাও তৈরি হচ্ছে।



