Logo
Logo
×

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন শুরু, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা

Icon

বাসস

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন শুরু, ৭ সেপ্টেম্বর থেকে মিলবে আমানতের টাকা

ব্যক্তিগত হিসাবধারীদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। গ্রাহকেরা এখন তাদের আমানতের মূল টাকা উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে টাকা পরিশোধ শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকটির শাখা ও উপ-শাখাগুলোতে আমানত উত্তোলনের আবেদন নেয়া শুরু হয়েছে। প্রয়োজনীয় নগদ অর্থ ব্যবস্থাপনার প্রস্তুতি শেষ করে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ পরিশোধ করা হবে।

ব্যাংকটির বিশেষ এক সার্কুলার অনুযায়ী, ব্যক্তিগত হিসাবধারীরা একবারে তাদের আমানতের সম্পূর্ণ মূল টাকা উত্তোলন বা নগদায়ন করতে পারবেন।

ব্যাংকারদের মতে, নতুন এই ব্যাংকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মাইনুল ইসলাম বলেন, ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু হওয়া স্বাভাবিক কার্যক্রমে ফেরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঘোষিত সময়সূচি অনুযায়ী গ্রাহকদের অর্থ দেওয়া নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বিঘ্নে অর্থ পরিশোধ, স্বচ্ছতা এবং আমানতকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ব্যাংকের প্রতি আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, ২০২৪ ও ২০২৫ সালের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার একটি অংশ কমিয়ে দেওয়ার যে প্রস্তাব ছিল, তা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে মেয়াদি আমানতের বিপরীতে ঘোষিত পুরো মুনাফাই পাবেন আমানতকারীরা।

যেসব গ্রাহক তাদের হিসাব সচল রাখবেন, তারা চুক্তির শর্ত অনুযায়ী পূর্বনির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। যেসব গ্রাহকের জরুরি অর্থের প্রয়োজন এবং মেয়াদি আমানত ভেঙে ফেলতে চান, তারা আমানতের সম্পূর্ণ মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে উত্তোলিত ওই অর্থের বিপরীতে কোনো মুনাফা পাবেন না।

প্রসঙ্গত, বিভিন্ন কারণে আমানত ফেরত দিতে সমস্যায় পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন