রেমিট্যান্সে ডলারের দর কমেছে, রিজার্ভে ইতিবাচক ধারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম
এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম কমেছে সর্বোচ্চ ১ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে ডলার কিনেছে। এর আগের সপ্তাহে এ দর ছিল ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা।
রেমিট্যান্স প্রবাহ বাড়ায় আমদানিকারকদের ঋণপত্র (এলসি) নিষ্পত্তির খরচও কমেছে, ফলে বাণিজ্যে গতি এসেছে। বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দর কমার মূল কারণ হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। অর্থাৎ ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে। ফলে তারা উচ্চ দামে রেমিট্যান্স কিনতে আগ্রহী নয় এবং তুলনামূলক কম দামে ব্যবসায়ীদের এলসি নিষ্পত্তির সুবিধা দিচ্ছে।
এদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.০৬৬ বিলিয়ন মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ (BPM6) হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.২৬০ বিলিয়ন ডলার।



