জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও সরকার দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে আগের পরিস্থিতির তুলনায় কোনো বাস্তব পরিবর্তন হয়নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের আগের শুল্কনীতি অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে। তবে এটি নতুন নামে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপ কার্যত আগের অবস্থারই ধারাবাহিকতা বজায় রাখছে।
এদিকে দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ১০০ জন চা-শ্রমিক বিনামূল্যে চিকিৎসাসেবা পান। চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



