Logo
Logo
×

অর্থনীতি

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য মাসিক ভাতার প্রস্তাব বাজেটে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য মাসিক ভাতার প্রস্তাব বাজেটে

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শহীদ পরিবার ও আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বাজেট প্রস্তাব অনুযায়ী, আন্দোলনে শহীদদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানি ভাতা দেওয়া হবে। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের জখমের মাত্রা অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করে ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।

এর মধ্যে গুরুতর আহত ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা মাসিক ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং তুলনামূলক কম গুরুতর আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

এ ছাড়া গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য কর সুবিধাও প্রস্তাব করা হয়েছে। তাদের করমুক্ত আয়সীমা সাধারণ নাগরিকদের তুলনায় বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে।

প্রস্তাবিত বাজেটে দেশের জিডিপির আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সংসদে এ বাজেট উপস্থাপন করা হয়। এটি বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন