স্বর্ণালংকার বিক্রিতে ১৫ শতাংশ মূলধনী কর প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণালংকার বিক্রির ওপর ১৫ শতাংশ মূলধনী কর আরোপের প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।
বাজেটে মূলধনী আয় পরিগণনায় নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, রিটার্নে উল্লেখিত স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন-হীরা, ধাতব মুদ্রা, ডিজিটাল মুদ্রা, চিত্রকর্ম, এন্টিকস বিক্রি এবং ক্লাবের সদস্যপদ হস্তান্তর থেকে অর্জিত অর্থকে মূলধন হিসেবে বিবেচনা করা হবে। ফলে এসব সম্পদ বিক্রি করলে ১৫ শতাংশ মূলধনী কর দিতে হবে।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।



