Logo
Logo
×

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:১০ এএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থিতিশীল

ইসরাইল ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতের সম্ভাব্য অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীরা মূল্যায়ন অব্যাহত রাখায় মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় স্থিতিশীল ছিল। একই সঙ্গে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির ঝুঁকিও বাজারের নজরে রয়েছে।

এদিন বাংলাদেশ সময় সকাল ৮ টায় স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৩২ দশমিক ৫০ ডলারে স্থির ছিল। এর আগের লেনদেন সেশনে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৭ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘স্বর্ণের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে না। কারণ, বিনিয়োগকারীরা ইরান-ইসরাইল যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দিহান। পাশাপাশি এই সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্যের প্রতিও তারা সতর্ক দৃষ্টি রাখছেন, যা ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সোমবার ইরান ও ইসরাইল উভয় দেশই জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর তারা একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। তবে তেহরান সতর্ক করে দিয়েছে, যদি ইসরাইল লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে তারা আবারও সামরিক পদক্ষেপ শুরু করবে।

এদিকে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থান বৃদ্ধির কারণে তারা মনে করছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ২০২৬ সালজুড়ে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে এবং সুদ কমানোর সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে এখন ডিসেম্বরের মধ্যে ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৭০ শতাংশেরও বেশি হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

বিনিয়োগকারীরা এখন বুধবার প্রকাশিত হতে যাওয়া মে মাসের যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। এই তথ্য ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে পারে।

টিম ওয়াটারার বলেন, ‘বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আবার প্রতি আউন্স ৫ হাজার ৫০০ ডলারে পৌঁছানো সম্ভব। তবে এর জন্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদার পাশাপাশি তেলের দাম, বন্ডের মুনাফা এবং মার্কিন ডলারের মূল্যও নিম্নমুখী হতে হবে।’

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট রুপার দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭ দশমিক ৭১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৭৫১ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২১৩ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন