কোরবানির হাটে জাল নোট প্রতিরোধে ব্যাংকের বুথ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৪৯ এএম
কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে নোট যাচাইসংক্রান্ত সেবা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার (১০ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে অনুমোদিত কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে হবে। সেখানে ব্যাংকের একজন অভিজ্ঞ ক্যাশ অফিসারকে নিযুক্ত করতে হবে। ব্যাংক থেকে দিতে হবে জাল নোট শনাক্তকরণ মেশিন। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ী ও ক্রেতাদেরকে বিনামূল্যে এ সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পাশাপাশি যেসব কর্মকর্তাদের পশুর হাটে নিযুক্ত করা হবে তাদের তালিকা দ্রুত বাংলাদেশ ব্যাংকে পাঠানোর জন্য বলা হয়েছে। উপজেলা পর্যায়ের পশুর হাট পর্যন্ত এই সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনও জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে কোরবানির পশুর হাটে নিরাপদ ও সুষ্ঠু লেনদেন নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



