ছেঁড়া-ফাটা নোট বদলে দিতে ব্যাংকগুলোকে নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:২৩ পিএম
সাধারণ গ্রাহকদের হাতে থাকা ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট প্রচলিত নীতিমালার আওতায় বদলে দেওয়ার জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখায় আলাদা কাউন্টার খুলতে হবে। কোনো শাখা যদি গ্রাহকদের নোট বদলাতে অস্বীকৃতি জানায়, তবে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বিষয়টি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য বেড়ে গেছে। যদিও ব্যাংকগুলোকে এসব নোট বদলে দেওয়ার নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল, তবুও নোটের প্রচলন বেড়েছে।
এ কারণে কেন্দ্রীয় ব্যাংক বিশেষভাবে নির্দেশ দিয়েছে, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকার ছেঁড়া-ফাটা এবং ময়লাযুক্ত নোট বদল করার জন্য প্রতিটি শাখায় আলাদা কাউন্টার খুলতে হবে। সার্কুলারে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।



