ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো স্বর্ণের দাম বেড়েছে। বুধবার কয়েক দফায় দাম বাড়তে বাড়তে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। এর প্রধান কারণ হিসেবে মার্কিন ডলারের দুর্বলতাকে চিহ্নিত করেছে বিশ্লেষকরা। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, স্পট গোল্ডের দাম ১.৩% বেড়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৭২৮.৭৫ ডলার, যা গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্স ১.৭% বেড়ে পৌঁছেছে ৪,৭৫৫.৭০ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, ডলারের পতনের কারণে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়ে উঠেছে, ফলে বাজারে চাহিদা বেড়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়াচ্ছে।
এদিকে বাংলাদেশেও আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৪৭,৯৭৭ টাকা (বৃদ্ধি ৩,২৬৬ টাকা)
২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৩৬,৭২১ টাকা (বৃদ্ধি ৩,১৪৯ টাকা)
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্যবৃদ্ধির কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।



