২৪ ঘণ্টা না যেতেই ফের বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম
সোনার বাজারে অস্থিরতা যেন নিত্যদিনের সঙ্গী। সকাল-বিকেল দফায় দফায় দাম ওঠানামার মধ্যেই চলছে কেনাবেচা। এমন পরিস্থিতিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দাম কমানোর ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা না যেতেই আবার সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জারি করা বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম আবার বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা। নতুন এই দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকায় অপরিবর্তিত রয়েছে।
এদিকে বিশ্ববাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৯৬৬ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি একপর্যায়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।
বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির প্রভাব গত মাসের শেষ দিকেই দেশের বাজারে পড়ে। ২৯ জানুয়ারি সকালে বাজুস এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করে ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়ে। একই সঙ্গে একধাপে এত বড় অঙ্কে সোনার দাম বাড়ানোর ঘটনাও ছিল নজিরবিহীন।



