সোনার দামে বড় কাটছাঁট, ভরিতে কমল সর্বোচ্চ ৭৬৪০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম
সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি নেমে এসেছে প্রায় ২ লাখ ৫৪ হাজার টাকায়, যা গতকাল ছিল ২ লাখ ৬২ হাজার টাকা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিশ্ববাজারেও সোনার দামে পতন দেখা গেছে। স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৫০ ডলারে, যা আগের দিন ছিল ৪ হাজার ৯০০ ডলার। এর আগে ৩০ জানুয়ারি স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলারে।
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে সোনার দামে লাগাতার ঊর্ধ্বগতির প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি সকালে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করে ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে একধাপে এত বেশি দামে বৃদ্ধি এর আগে কখনো হয়নি।



