১৬ ব্যাংক থেকে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ ডলার ক্রয়ের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ হার হিসেবেও কার্যকর ছিল।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) একই হারে ১৬ ব্যাংক থেকে আরও ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কেনা হয়। ফলে ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৯.৫০ মিলিয়ন বা ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে মোট ক্রয় দাঁড়িয়েছে ৪,৩২৩ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২৯ জানুয়ারি পাঁচ ব্যাংক থেকে ৫৫ মিলিয়ন ডলার, ২০ জানুয়ারি দুই ব্যাংক থেকে ৪৫ মিলিয়ন ডলার, ১২ জানুয়ারি ১০ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার এবং ৬ জানুয়ারি ১৪ ব্যাংক থেকে ২২৩.৫ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। সব ক্ষেত্রেই বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আজ আমরা ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ টাকা কাট-অফ রেটে মোট ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছি। এর ফলে ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ৩৮৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং চলতি অর্থবছরে মোট ক্রয় দাঁড়াল ৪,৩২৩ মিলিয়ন মার্কিন ডলার।”



