Logo
Logo
×

অর্থনীতি

ফের কমলো সোনার দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

ফের কমলো সোনার দাম

ছবি : সংগৃহীত

সোনার বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি নেমে এসেছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে নতুন দাম কার্যকর করা হয়।

বাজুস জানিয়েছে, তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, রোববার আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল। চাহিদা কম থাকায় রাতে দাম কমানো হয়। সোমবার আন্তর্জাতিক বাজার চালু হওয়ার পর প্রতি আউন্সে প্রায় ২০০ ডলারের দরপতন ঘটে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় বৈঠক করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সোমবার প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৬৫১ ডলারে। শনিবার ছিল ৪ হাজার ৮৯৩ ডলার, শুক্রবার ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার।

দেশীয় বাজারে নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৪ হাজার ৪৩২ টাকা।

গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। বৃহস্পতিবার সকালে বাজুস একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায়, ফলে ভালো মানের সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে আবার দাম কমিয়ে ভরিপ্রতি ১৪ হাজার ৬০০ টাকা হ্রাস করা হয়, এতে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন