নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে বিএসসি, স্বচ্ছতা নিশ্চিতে তিন কমিটি গঠন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার (৫৫,০০০–৬৬,০০০ ডিডব্লিউটি) ধারণক্ষমতাসম্পন্ন জাহাজ সংগ্রহের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। জাহাজ ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কারিগরি মান নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় তিনটি উপ-কমিটি গঠন করেছে।
প্রকল্পটির আওতায় 'প্যাকেজ জিডি–০১' অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র বিক্রি শুরু হয়েছে ৪ জুন থেকে এবং চলবে ১৫ জুলাই পর্যন্ত। জমা দেওয়ার শেষ সময় ১৬ জুলাই দুপুর ১২টা, একই দিন দুপুর ২টায় দরপত্র খোলা হবে।
দরপত্র যাচাই-বাছাই এবং মূল্যায়নের দায়িত্বে থাকছে তিনটি উপ-কমিটি:
- দরপত্র উন্মুক্তকরণ কমিটি
- দরপত্র মূল্যায়ন কমিটি
- কারিগরি সহায়ক কমিটি
দরপত্র উন্মুক্তকরণ কমিটির নেতৃত্বে রয়েছেন বিএসসির মহাব্যবস্থাপক (দূরপ্রাচ্য ও পিএইউ)। এই কমিটি পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ বিধিমালার আলোকে তথ্য সংগ্রহ করে মূল্যায়ন কমিটির নিকট পাঠাবে।
সাত সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, এবং সদস্য হিসেবে রয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়, বিপিসি ও সিডিডিএলের প্রতিনিধিগণসহ বিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তা। তারা প্রাপ্ত প্রস্তাবনা যাচাই করে প্রাথমিক ও চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন তৈরি করবেন এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট জমা দেবেন।
কারিগরি সহায়ক কমিটি ডকুমেন্টেশনভিত্তিক মূল্যায়নের পাশাপাশি সরেজমিন পরিদর্শনে সহায়তা করবে। ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত চলবে টেকনিক্যাল যাচাই ও ‘অনসাইট ইন্সপেকশন’ কার্যক্রম।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, “এটি বিএসসির ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জাহাজ সংগ্রহের উদ্যোগ। সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে তিনটি কমিটি কাজ করছে।”
তিনি আশা প্রকাশ করেন, “যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে।”



