রেলব্রিজে ১৩ বগি ফেলে এগিয়ে গেল ইঞ্জিন, দুর্ভোগে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০৯ এএম
ছবি : সংগৃহীত
নেত্রকোণার চল্লিশা রেলব্রিজে আটকে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ১৩টি বগি। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি হঠাৎ বিভ্রাটের শিকার হয়, এবং মূল ইঞ্জিন একটি বগি নিয়ে চলে যায় নেত্রকোণা রেলওয়ে স্টেশনে, ফেলে যায় বাকি যাত্রীবাহী বগিগুলো।
যাত্রীদের ভাষ্যমতে, চল্লিশা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনি অনুভূত হয়। এরপর ট্রেনের গতি ধীর হতে হতে সম্পূর্ণ থেমে যায়। কিছুক্ষণ পর তারা জানতে পারেন, ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বগিগুলো রেলব্রিজের ওপরই আটকে রয়েছে।
ঘটনার পর থেকে প্রায় তিন ঘণ্টা ধরে ট্রেনযাত্রীরা অন্ধকারাচ্ছন্ন ব্রিজের ওপর বন্দি অবস্থায় অপেক্ষা করছেন। যাত্রীরা জানান, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রিলিফ ট্রেন পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কেউ নামতে পারছেন না, আশেপাশে কোনো নিরাপদ জায়গাও নেই— এমন পরিস্থিতিতে তারা আতঙ্কে রয়েছেন।
মোহনগঞ্জ এক্সপ্রেসের পরিচালক জাহিদ হোসেন সাঈদ জানান, দুপুর ১টা ১৫ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে চল্লিশা এলাকায় পৌঁছায়। তখন প্রথম বগির বাফার সেল ভেঙে যাওয়ায় বাকি ১৩টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইঞ্জিনটি একটি বগি নিয়ে নেত্রকোণা স্টেশনে চলে যায়। পরে ইঞ্জিনসহ ট্রেনটি আবার ফিরে আসে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে।
রাত ১০টা পর্যন্ত ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেও ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রম শুরু করা যায়নি। রেল কর্তৃপক্ষ আশাবাদী, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যাবে।



