মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০১:২০ পিএম
ধুনট থানা
বগুড়ার ধুনট উপজেলায় স্নাতক (সম্মান) শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার মা ও বাবাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অভিযুক্ত তরুণ উপজেলা বিএনপির এক নেতার ছেলে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে।
আহত ছাত্রীর বাবা (৫০) ও মা (৪৫) কে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত ছাত্রীর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদের ছেলে নাফিজ ফয়সাল আকাশ। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠক হলেও নাফিজ বিরত হননি।
তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে নাফিজ ও তার সহযোগীরা আমাদের বাড়িতে এসে প্রথমে আমার স্ত্রীকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গেলে আমাকে আঘাত করে।’
অভিযুক্ত নাফিজ ফয়সালের বাবা ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের পরিবারের লোকজন আমার ছেলেকে মারধর করলে পাল্টা প্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ঘটনার পর শেরপুর-ধুনট সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক অভিযানে নাফিজ ফয়সালকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।



