কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পরামর্শ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক বিষয়াবলি অন্তর্ভুক্তকরণে সংসদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও লাকসাম - মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব মো. আবুল কালাম এমপি। সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, এফপিএ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ শনিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালার শেষে অতিথি ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সামষ্টিক ফটোসেশন অনুষ্ঠিত হয়।



