Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা, এখনো বন্ধ ৫৪টি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

গাজীপুরে উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা, এখনো বন্ধ ৫৪টি

টানা কয়েক সপ্তাহের আন্দোলন, বিক্ষোভ ও সংঘাতের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গাজীপুরের শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দলে দলে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় শিল্পাঞ্চলে ফিরছে কর্মচাঞ্চল্য। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা এখনো চালু হয়নি।

সরেজমিনে শনিবার সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালাসহ বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল স্বাভাবিক।

শ্রমিকরা জানান, দীর্ঘদিনের আন্দোলন-বিক্ষোভে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে শ্রমিক, মালিক ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তারা কাজে মনোযোগ দিয়ে উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে চান।

তবে সকাল আনুমানিক ১০টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তার বাংলাবাজার এলাকায় কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষণা করলে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মির্জাপুরের দিকে অগ্রসর হন। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুরের উপপরিচালক মো. আশিকুজ্জামান জানান, বাংলাবাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। সেখানে দুই প্লাটুন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে গাজীপুরে শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয়। পরে পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ীসহ কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন শিল্পাঞ্চলেও বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন ও যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর সরকার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে। এর ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে বিভিন্ন গ্রেডে ১৭ হাজার, ২০ হাজার ও ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তবে ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ আন্দোলন অব্যাহত রাখেন। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি শেষে শনিবার সকালে শ্রমিকরা কাজে ফেরেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শনিবার সকালে শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৫৪টি কারখানা বাদে অন্য কারখানাগুলো উৎপাদনে ফিরেছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে বন্ধ কারখানাগুলোও খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।’

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা বলেন, ‘শ্রমিকরা কাজে ফিরছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের মতো শনিবারও আনসার, বিজিবি, এসআরবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ৩৯ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন