টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
পাচারকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও কক্সবাজারের টেকনাফে এক অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শনিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফের নাফনদীর জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৮ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদককারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



