Logo
Logo
×

সারাদেশ

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৪১  জন জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি। বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দেশে ফেরা জেলেদের একজন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবুল হোসেন (৬০)। প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করে নিয়ে যান।

আবুল হোসেন বলেন, ‘প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনের জন্য দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে। দেশে ফেরা জেলেদের যাচাই-বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন