নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে প্রশাসন-ব্যবসায়ী নেতাদের মতবিনিময়
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতারা।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ এবং জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারায়ণগঞ্জের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব উঠে আসে। পাশাপাশি জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে ব্যবসায়ী সমাজ ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।
সাক্ষাৎ ও মতবিনিময় শেষে রাতে এক নৈশভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমাজের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জেলার সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।



