এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, তদন্ত প্রতিবেদন জমা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হয়। পরে দুপুরে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান।
কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, তদন্তের কাজ শেষ হওয়ার পর কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন প্রস্তুত করেন। পরে প্রতিবেদনটি সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ইতিমধ্যে সেটি মন্ত্রণালয়ে জমা হয়েছে।
প্রতিবেদনের সুপারিশ বা পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিনগত রাত ১২টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে পরদিন বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন তিনি।
এরপর ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। পরদিন ১৩ নভেম্বর সকালে যৌথ তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান। তারা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন এবং ঘটনার বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
তদন্তের অংশ হিসেবে ঘটনার সময়কার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্যও বিশ্লেষণ করা হয়। গত ২৪ নভেম্বর ছিল তদন্ত কার্যক্রমের শেষ দিন।
তদন্ত কমিটির আহ্বায়ক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ ছিলেন সদস্যসচিব। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।



