Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করা হচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ পর্যায়ে প্রায় ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০-২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ বিকাল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এ সময় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। 

পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪-৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

এরই ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হলো।

ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার এখন বাস্তবতার আরও কাছাকাছি পৌঁছেছে

রূপপুর প্রকল্পের উপপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে কেন্দ্রটির টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য ও নিরাপত্তা যাচাইয়ের জন্য ধাপে ধাপে এ ধরনের কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে মিশনের প্রতিবেদনে কেন্দ্রটির জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতার প্রশংসা করা হয়েছে।

মিশনের প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদানব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি দেখা যায়নি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জরুরি প্রস্তুতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন