Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে বোমা-গ্রেনেড ও অস্ত্রের মজুত, আতঙ্ক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

টেকনাফে বোমা-গ্রেনেড ও অস্ত্রের মজুত, আতঙ্ক

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষায়িত ইউনিট এসআরবি-১৫। এসব অভিযানে দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দের পাশাপাশি দুইজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়ে গেছেন আরও কয়েকজন। উদ্ধার করা হয়েছে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি, একটি খালি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক এবং বিপুল পরিমাণ আইইডি তৈরির উপকরণ।

একই এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সামরিক ধরনের অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের ঘটনায় টেকনাফের জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বোমা তৈরির সরঞ্জাম, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এসব উপকরণ কী উদ্দেশ্যে এবং কারা সংগ্রহ করেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রবিবার (২২ নভেম্বর) বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং এসআরবি-১৫ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া হয়ে আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চালান পরিবহনের খবরে বিশেষ অভিযান চালানো হয়। সম্ভাব্য চলাচলের পথে পাঁচটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা।

এ সময় আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। চালকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, অটোরিকশায় থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের। পরে মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান।

পরে দুটি অটোরিকশা জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ৯.৯৬ মিমি ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি টুল বক্স ও ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, বিভিন্ন ধরনের আরও বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক।

এ ঘটনায় আটক দুজন হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।

অন্যদিকে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫-এর। উদ্ধার করা গ্রেনেডগুলোর মধ্যে সাতটি সাধারণ গ্রেনেড এবং ছয়টি এজিএল গ্রেনেড।

এসআরবি-১৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে অভিযান চালানো হয়। সেখানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছিলেন মাদক কারবারি হিসেবে চিহ্নিত মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) ও তাঁর সহযোগীরা।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে রুবেল ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা তিন-চারজন ইজিবাইকের পেছনে যাত্রী বসার স্থানে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা গ্রেনেডগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের নির্দেশনা নিয়ে সেগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। ২১ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫, কক্সবাজারের নির্দেশনার পর ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের বোম ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন