Logo
Logo
×

সারাদেশ

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় ভুলতা ইউনিয়নে হাটাবো এলাকায় তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আম্বার কমপ্লেক্স নামক একটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা। 

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় কারখানার মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল অবরোধ করে রাখেন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে এবং পরবর্তীতে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইকৃত ও কর্মরত শ্রমিকদের তিন থেকে চার মাসের বেতন বকেয়া রেখে কর্তৃপক্ষ একাধিকবার পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। এরই প্রতিবাদে তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, কর্মসংস্থান হারিয়ে তাঁরা এমনিতেই চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছেন; তদুপরি দীর্ঘদিনের বকেয়া বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে সমুদয় পাওনা পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এদিকে, বিক্ষোভ চলাকালে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়িযোগে কারখানায় প্রবেশের চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকরা তাঁকে অবরুদ্ধ করে গাড়ি থেকে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।

শিল্পপ্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন