Logo
Logo
×

সারাদেশ

সেন্টমার্টিন থেকে নয়টি সার্ভিস ট্রলারে টেকনাফের ফিরেছে আটকা পড়া সাড়ে তিনশ পর্যটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

সেন্টমার্টিন থেকে নয়টি সার্ভিস ট্রলারে টেকনাফের ফিরেছে আটকা পড়া সাড়ে তিনশ পর্যটক

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। এরমধ্যে নয়টি সার্ভিস ট্রলারে করে সাড়ে তিনশ স্থানীয় বাসিন্দা ও পর্যটক টেকনাফে ফিরেছেন।

শনিবার সকাল নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সেন্টমার্টিন জেটিঘাট থেকে ট্রলার নয়টিতে করে তারা যাত্রা শুরু করে। জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের বিবেচনায় নিয়ে তাঁদের টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দ্বীপে বেশ কিছু পর্যটক আটকা পড়েছেন। তবে তাঁরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। জরুরি প্রয়োজনে এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের নয়টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন নৌপথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে পর্যটকদের জন্য ভাড়া ৫০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। আবার কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দ্বীপে আসার জন্য পর্যটকেরা সেন্টমার্টিন জেটিঘাটে ভিড় করছেন। তবে আবহাওয়া স্বাভাবিক না থাকায় প্রশাসন তাঁদের যাতায়াতের অনুমতি দিচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করছে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, শনিবার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে প্রায় দেড় হাজার পর্যটককে কবে নাগাদ নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে দ্বীপে অবস্থানরত পর্যটক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন