Logo
Logo
×

সারাদেশ

অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম

কুমিল্লায় আলোচিত শিশু অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন হবে আগামী ২৯ নভেম্বর। এর মধ্য দিয়ে দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক। শনিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্ত চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক এবং দুজন প্রাপ্তবয়স্ক। বয়সের ভিত্তিতে তাদের বিচার দুটি পৃথক আদালতে পরিচালিত হবে।

পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, আসামিদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ কোনো মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।

নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, আমার ছেলেকে হত্যাকারীদের বিচারকাজ শুরু হওয়ার খবরটি শুনে ভালো লাগছে। আমরা আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। আশা করছি ন্যায়বিচার পাব।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমকে তার কাছে থাকা আইফোনটি নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। এই হত্যাকাণ্ডে চারজন অংশ নেয় বলে জানায় পুলিশ। সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলার পর একজন ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত ২০ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন