Logo
Logo
×

সারাদেশ

টানা বৃষ্টিতে পাকা ধান ও সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

টানা বৃষ্টিতে পাকা ধান ও সবজি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

মাঠজুড়ে পাকা ধান। কোথাও কাটা ধান পড়ে আছে জমিতে, কোথাও আবার কাটার অপেক্ষায় পাকা ধান। এরই মধ্যে টানা বৃষ্টিতে ভিজে গেছে কাটা ধান। অনেক জমিতে জমেছে পানি। একই অবস্থা শীতকালীন সবজির খেতেও। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির খেতে পানি জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। ফলে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়েই এখন দুশ্চিন্তায় মাগুরার কৃষকরা।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে মাগুরায় শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও অব্যাহত ছিল। টানা বৃষ্টিতে মাগুরা সদর উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও ফসলের মাঠে পানি জমেছে। এতে কৃষিকাজের পাশাপাশি ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

শনিবার (২১ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক জমিতে পাকা ধান কাটার উপযোগী হয়ে আছে। আবার কোনও কোনও জমিতে কৃষকেরা ধান কেটে মাঠেই রেখে দিয়েছেন। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান শুকাতে পারছেন না তারা। কয়েক দফা বৃষ্টিতে ভিজে যাওয়া ধান দ্রুত শুকাতে না পারলে তা নষ্ট হওয়ার পাশাপাশি গুণগত মান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সদর উপজেলার হাজপুর গ্রামের কৃষক সুফল বিশ্বাস বলেন, ‘আমার জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। মাঠে এখনো অনেক কৃষকের পাকা ধান রয়েছে।’

শুধু ধান নয়, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন শীতকালীন সবজি চাষিরাও। বিভিন্ন এলাকার সবজির খেতে পানি জমে গেছে। যেসব জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো নয়, সেসব জমির ফসল নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাগুরা সদর উপজেলায় ১ হাজার ৩৬৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ১২৬ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ রয়েছে।

সবজি চাষি জালাল আলী বলেন, ‘দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছি। গাছের বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।’

কৃষকেরা জানান, শীতকালীন সবজি চাষে বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচসহ বিভিন্ন খাতে ইতোমধ্যে তাদের বড় অঙ্কের টাকা খরচ হয়েছে। এখন ফসল বিক্রির সময়। এ অবস্থায় দীর্ঘ সময় খেতে পানি জমে থাকলে ফলন কমে যাওয়ার পাশাপাশি রোগবালাই দেখা দিতে পারে। এতে উৎপাদন খরচও উঠে না আসার আশঙ্কা করছেন তারা।

টানা বৃষ্টিতে কৃষকদের পাশাপাশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। ফলে তাদের দৈনিক আয় বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা রুবেল শেখ বলেন, ‘দুই দিনের বৃষ্টিতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। দিনমজুরদের সমস্যা সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে তারা কাজে যেতে পারছেন না। ফলে প্রতিদিনের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।’

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।’

তিনি জানান, বৃষ্টি থামার পর জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। পানি দীর্ঘ সময় জমে থাকলে বিশেষ করে সবজির শিকড়ে পচন ও রোগবালাই দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, বৃষ্টি থেমে দ্রুত আবহাওয়া স্বাভাবিক হলে এবং জমি থেকে পানি নেমে গেলে ফসলের ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। তবে বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে পাকা ধান ও শীতকালীন সবজিতে ক্ষতির আশঙ্কা বাড়তে পারে।

টানা বৃষ্টিতে একদিকে মাঠের পাকা ধান ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে সবজির খেতে পানি জমে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের। এখন তাদের অপেক্ষা বৃষ্টি থামার এবং রোদের।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন