ঘূর্ণিঝড় ‘আকভান’: সেন্টমার্টিনে আটকা দেড় সহস্রাধিক পর্যটক
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন অন্তত দেড় সহস্রাধিক পর্যটক। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক পর্যটকবাহী হলে জাহাজ চলাচল হবে। তখনই আটকা পড়া পর্যটকরা দ্বীপ থেকে ফিরতে পারবেন- এমনটা বলছেন, প্রশাসন সহ সংশ্লিষ্টরা।
এর আগে বুধবার রাতে প্রশাসনের সংশ্লিষ্টরা গণমাধ্যমে জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে। এতে নৌযান চলাচলে ঝুঁকি থাকায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছিল। বৃহস্পতিবার থেকে ওই রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়ার এখনো বৈরী পরিস্থিতি বিরাজ করায় শুক্রবারও জাহাজ চলাচল করেনি। এতে গত মঙ্গলবার ও বুধবার সেন্টমার্টিন ঘুরতে রাতযাপন করা অন্তত দেড় সহস্রাধিক আটকা পড়েন।
এ নিয়ে টেকনাফের ইউএনও এস এম অনিক চৌধুরী বলেন, এখনো আবহাওয়ার বৈরী পরিস্থিতি বলবৎ রয়েছে। এতে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরতে পারেননি। অন্তত দেড় সহস্রাধিক পর্যটক আটকা পড়ে দ্বীপে অবস্থান করছেন।
তবে দ্বীপে আটকা পড়া পর্যটকরা যাতে ভোগান্তির শিকার না হন- এ জন্য রিসোর্ট মালিকদের কক্ষ ভাড়া অর্ধেক এবং খাবার রেঁস্তোরায় যথাসম্ভব ছাড় দিতে প্রশাসন নির্দেশনা দিয়েছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্টমার্টিন আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে বলে জানান, স্থানীয় ইউএনও।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। এতে কক্সবাজার সহ সবগুলো সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী রোববারের আগে আবহাওয়া পরিস্থিতি উন্নীত হবার কোন পূর্বাভাস পাওয়া যায়নি।



