নাশকতা ও অগ্নিসন্ত্রাস ঠেকাতে
বিএনপি নেতা শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আব্দুল্লাহ, যুবদল নেতা মাইনুল ইসলাম সুরুজ, কৃষকদল নেতা মোমেন মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শরীফ আহমেদ টুটুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার অপকর্মের কারণে দেশের জনগণের রোষানলে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এরপরও নির্লজ্জের মতো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অগ্নিসন্ত্রাস ও নাশকতার পথ বেছে নিচ্ছে। জনগণ ইতোমধ্যে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হয়েছে। তাদের নৈরাজ্য প্রতিহত করতে এখন কঠোর হওয়ার সময় এসেছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সজাগ ও সোচ্চার রয়েছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে বিএনপির প্রতিটি নেতাকর্মী রাজপথে সক্রিয় রয়েছে।



