Logo
Logo
×

সারাদেশ

প্রথম শ্রেণির নরসিংদী পৌরসভায় গণশৌচাগার সংকট, ভোগান্তিতে লাখো মানুষ

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

প্রথম শ্রেণির নরসিংদী পৌরসভায় গণশৌচাগার সংকট, ভোগান্তিতে লাখো মানুষ

শিল্প সমৃদ্ধ নরসিংদীর সদর উপজেলায় প্রথম শ্রেণির নরসিংদী পৌরসভায় গণশৌচাগার সংকট, ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। জেলার ছয়টি উপজেলা থেকে প্রতিদিন লাখ মানুষ নরসিংদী পৌর শহরের সরকারি বেসরকারি নানা সেবা নিতে ভিড় করে। কেউ জমির দলিল করতে, কেউ সরকারি দপ্তরে প্রয়োজনীয় কাজে, আবার কেউ আসে চিকিৎসা কিংবা কেনাকাটার জন্য।

জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে প্রতিদিন লাখো মানুষকে ঘিরে কর্মচঞ্চল থাকে শহরটি। কিন্তু জরুরি প্রয়োজনে একটু শৌচাগার ব্যবহারের সুযোগটুকু নেই অনেকের। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য এ সংকট হয়ে উঠেছে দুর্ভোগের বড় কারণ।

জানা যায়, প্রথম শ্রেণির পৌরসভা নরসিংদী। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, জেলা হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, সাব-রেজিস্ট্রি অফিস, বিআরটিএসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি দপ্তরগুলোর অবস্থান এ পৌর শহরেই। এছাড়া রয়েছে বড় বাজার, বাসস্ট্যান্ড, বিপণিবিতান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন নানা কাজে আসেন বিপুলসংখ্যক মানুষ। অথচ তাঁদের জন্য প্রয়োজনীয় গণশৌচাগারের ব্যবস্থা নেই।

নরসিংদী পৌরসভার তথ্য অনুযায়ী, পৌর শহরে বর্তমানে গণশৌচাগার রয়েছে মাত্র পাঁচটি। এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও জজ কোর্ট এলাকায় একটি, নতুন বাসস্ট্যান্ডে দুটি এবং বড় বাজার এলাকায় দুটি। তবে সংখ্যায় কম হওয়ার পাশাপাশি এসব শৌচাগারের ব্যবহারও নির্দিষ্ট সময় ও এলাকার মধ্যে সীমাবদ্ধ। জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত এলাকার শৌচাগারটি মূলত অফিস সময়ের মধ্যে ব্যবহার করা যায়। বাসস্ট্যান্ডের শৌচাগারগুলোতে যাত্রীরা ও পরিবহন সংশ্লিষ্টরা ব্যবহার করে। অন্যদিকে বড় বাজারের শৌচাগার দুটি বাজারকেন্দ্রিক এবং বাজার চলাকালীন সময়েই বেশি ব্যবহারযোগ্য।

ফলে শহরের গুরুত্বপূর্ণ অনেক এলাকায় চলাচল করা মানুষের জন্য জরুরি প্রয়োজনে শৌচাগার ব্যবহারের সুযোগ অনেক কম। বিশেষ করে সদর উপজেলা মোড়, ডিসি রোড, লাইব্রেরি পট্টি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশে এ সংকট বেশি দেখা যায়। শৌচাগার না পেয়ে জরুরি প্রয়োজনে অনেকে স্থানীয় মসজিদ, মার্কেট, হোটেল-রেস্তোরাঁ কিংবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহারের চেষ্টা করেন। তবে সব জায়গায় সেই সুযোগ মেলে না। কোথাও কর্তৃপক্ষের অনুমতি মেলে না, কোথাও আবার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। পুরুষেরা কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে পারলেও নারীদের জন্য তা আরও কঠিন। দীর্ঘ সময় প্রস্রাব-পায়খানার বেগ চেপে রাখতে বাধ্য হওয়ায় শারীরিক অস্বস্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

এছাড়া নির্দিষ্ট স্থান না থাকায় অনেকেই রাস্তার পাশে, ড্রেনের ধারে, খোলা জায়গায় কিংবা মানুষ চলাচল কম কোনো গলিতে মলমূত্র ত্যাগ করছেন। এতে শহরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং দুর্গন্ধে পথচারীদের চলাচল দায় হয়ে পড়েছে। এমনিতেই শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নাগরিকদের ক্ষোভ রয়েছে, তার ওপর গণশৌচাগারের এই সংকট জনদুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

নরসিংদী সদর উপজেলা মোড়ে কম্পিউটারের দোকানে মাধবদী থেকে আসা সাকিব মিয়া জানান মাধবদী থেকে সকালে সদর উপজেলা রেজিস্ট্রি অফিসে আসি, সেখানে কাজ শেষে একটি দোকানে চুক্তিনামা দলিলের খসরা লিখতে বসেছি। বাড়ি থেকে আসার পরপরই প্রশ্রাব অনুভূতি হয়েছে, কিন্তু করতে পারিনি। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলছে, কোনো শৌচারগার না থাকায় পশ্রাব আটকে রেখেছি। পরে আর আটকে রাখতে না পেরে একটি চিপাগলিতে গিয়ে সেরে এসেছি। আজ যদি ডিসি রোড়ের আশেপাশে গণশৌচাগার থাকতো তবে এ সমস্যাটায় পড়তাম না।

নরসিংদী পৌর শহরের লাইব্রেরী পট্টিতে বই কিনতে আসা সিয়াম নামে অনার্স পড়ুয়া  একজন শিক্ষার্থী তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, বছরের প্রথম দিকে বই কিনতে লাইব্রেরী পট্টিতে এসেছিলাম। আসার পরই হঠাৎ করে টয়লেটে চাপ দেয়। কিন্তু আশেপাশে কোনো পাবলিক টয়লেট না থাকায় আমি আর যেতে পারিনি। টয়লেটের চাপ নিয়েই বাড়ি চলে যাই। আমার জীবনের সে অভিজ্ঞতাটা খুবই লজ্জাদায়ক। ওই সময় মনে হয়েছিল, এই বুঝি আমার সব শেষ হতে চলেছে।

সুজন সুসাশনের জন্য নাগরিক নরসিংদীর সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, পৌর কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনার অভাবেই দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না। জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধার কথা বিবেচনা করে নরসিংদী পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক ও পরিচ্ছন্ন গণশৌচাগার নির্মাণ এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরী। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এবং রাস্তার পাশে এই জনশৌচাগার অত্যাবশ্যক। এছাড়া, ফুটপাতগুলোও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা আবশ্যক। ফুটপাতে নিয়মিত বসা অবৈধ দোকানগুলো অপসারণ করা একান্ত আবশ্যক।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নরসিংদী পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, পাবলিক টয়লেট আসলেই প্রয়োজনীয় একটি বিষয়। পৌর শহরে পাবলিক টয়লেটের আরো চাহিদা রয়েছে। জনগণের কথা চিন্তা করে পৌরসভার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নতুন করে পাবলিক টয়লেট নির্মাণ করার উদ্যোগ নেয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন