শেরপুরে প্রতিবন্ধী ওমর ফারুককে হুইলচেয়ার উপহার দিলেন আসিফ সিরাজ রব্বানী
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ওমর ফারুকের (৪২) চলাচলের কষ্ট লাঘবে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে তার প্রতিনিধির মাধ্যমে চোমরপাথালিয়া গ্রামে ওমর ফারুকের বাড়িতে গিয়ে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
ওমর ফারুক ওই গ্রামের মরহুম নদীয়ার ছেলে। জন্মের সময় দুটি পা থাকলেও অসুখে তাঁর দুটি পা কেটে ফেলা হলে প্রতিবন্ধী হিসেবে দীর্ঘদিন ধরে ছোনকা বাজারে মানুষের কাছে সাহায্য-সহযোগিতা চেয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
জানা যায়, গত ১৪ নভেম্বর (রবিবার) ওমর ফারুকের দুরবস্থার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লবের নজরে এলে তিনি আসিফ সিরাজ রব্বানীকে বিষয়টি অবহিত করেন। এরপর মাত্র তিন দিনের মধ্যেই ওমর ফারুকের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন তিনি। হুইলচেয়ারটি হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওমর ফারুক। এ সময় তিনি আসিফ সিরাজ রব্বানীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বিপ্লব বলেন, ‘আমি শুধু বিষয়টি আসিফ সিরাজ রব্বানীকে জানিয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে যে তিনি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেবেন, তা কল্পনাও করিনি। তাঁর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সুঘাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ, সহসভাপতি হযরত শাহ আলম জুয়েল, যুবদলের সাবেক আহ্বায়ক মানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আসিফ সিরাজ রব্বানী দীর্ঘদিন ধরে শেরপুর-ধুনট এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার রাস্তাঘাট সংস্কার, অস্থায়ী সেতু নির্মাণে সহযোগিতা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং অসহায় মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন তিনি।



